কুমিল্লার বুড়িচং উপজেলার কালা কচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় স্বামী স্ত্রী, দুই সন্তান ও প্রাইভেটকার চালক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুড়িচং থানায় মামলাটি দায়ের করেন নিহত ঝর্ণা বেগমের ভাই ফয়সাল আহমেদ।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নিহতদের পরিবার ও আহতকে জেলা প্রশাসন থেকে এক লাখ ৪০ হাজার টাকার সহযোগিতা দেয়া হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাইভেটকারটি ঢাকামুখী ছিল। চট্টগ্রামমুখী লেনে এসে তারা হোটেলে খাবার খেতে যান বলে স্থানীয়রা জানান।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, নিহতের স্বজন অজ্ঞাত পরিচয়দের নামে মামলা দায়ের করেছেন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরো জানান, প্রাইভেটকারটি ভুল সাইডে ছিল বলে জেনেছি। তবে তদন্তের পর বিস্তারিত বলতে পারব।

বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ জাহার টাকা ও আহতকে ১৫ হাজার করে মোট এক লাখ ৪০ হাজার টাকার সহযোগিতা দেয়া হয়েছে।