সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো সাতজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে। তবে একই সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দু’জনের।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত সাতজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে এক, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, মৌলভীবাজার সদর হাসপাতালে এক এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ২৮৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫৮, সুনামগঞ্জে ৬২, হবিগঞ্জে ১২৩ এবং মৌলভীবাজারে ২৯ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১১ জন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে তিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, সুনামগঞ্জ সদর হাসপাতালে এক এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুইজন চিকিৎসাধীন।

প্রসঙ্গত, চলতি মৌসুমে সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা কৃষ্ণ দাস (৪৫) ডেঙ্গুতে মারা যান। এর আগে গত ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়।