শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

ঢাকা-মাওয়া-খুলনা এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আলাদা এক দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১০টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত পৃথক তিন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আলিমুল (২৭) ঘটনাস্থলেই নিহত হন। তার সাথে থাকা আরেক আরোহী আব্দুর রহমান (২৫) গুরুতর আহত হন।

এদিকে, আজ শনিবার সকাল ৯টার দিকে নিমতলা রেল স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকাগামী আরেকটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ফরিদপুরের ফারুকুজ্জামান (৪০) ঘটনাস্থলেই নিহত হন।

এর আগে শুক্রবার রাতে এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। আহতদের মধ্যে নিরব (২০) এবং মুন্না (২০) নামে দু’জনকে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মারজিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পৃথকভাবে তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন আছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।