পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, ফলে দলের ভেতর পছন্দের ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে দল ও জনগণের বৃহত্তর স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যের কোনো বিকল্প নেই।’

রোববার (২৬ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌর মিলনায়তনে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে আগামী ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে বিজয়ী হতে সারা দেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিতের ওপর জোর দেন।

জাতীয় সংসদ নির্বাচনের ওয়াদা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমাদের জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করব।’

তিনি জানান, নদীভাঙন রোধ ও সড়ক সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। বসতবাড়ি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে জরুরি কাজ শুরু করেছে এবং নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত মুছাপুর ক্লোজার প্রকল্পটি আগামী একনেক সভায় উত্থাপন করা হবে।

পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী সবাইকে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান।

জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর বক্তব্য দেন ।

জেলা কৃষক দল সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীতাবাদী কৃষক দল চলতি মৌসুমে সারাদেশে ৮ লাখ গাছের চারা রোপণ করবে। কৃষক দলের চলতি মৌসুমের বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আজ সোনাগাজীতে চার হাজার গাছের চারা বিতরন করা হয়েছে। 

এর আগে মন্ত্রী সোনাগাজীতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

সোনাগাজী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
সোনাগাজী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু | নয়া দিগন্ত

পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, বর্তমানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি না থাকায় কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।