মুন্সীগঞ্জ প্রতিনিধি
নির্বাচনের ছুটিকে কেন্দ্র করে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে। তবে প্রত্যাশিত চাপ না থাকলেও মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। বিশেষ করে নিমতলা, হাসাড়া, ষোলঘর ও শ্রীনগর সাওনি এলাকায় বাস থামিয়ে যাত্রী না নেয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে এসব পয়েন্টে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী পরিবহন না পাওয়ার অভিযোগ করেন।
যাত্রীদের দাবি, বাসগুলো ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টপেজ থেকে যাত্রী তুলছে না। কেউ কেউ জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে।
নিমতলা এলাকায় এক চাকরিজীবী বলেন, ‘সকাল থেকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কয়েকটি বাস গেলেও আমাদের নেয়নি। অফিসে জরুরি কাজ থাকলেও পৌঁছাতে পারছি না। ভাড়াও বেশি চাইছে।’
এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি প্রায় এক ঘণ্টা। বাস থামছে না। যারা নিচ্ছে, তারা বাড়তি ভাড়া চাইছে। এভাবে সাধারণ মানুষকে কষ্ট দেয়া ঠিক না।’
তবে এক্সপ্রেসওয়েতে যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। সংশ্লিষ্টদের দাবি, নির্বাচনের ছুটিতে যাত্রী চাপ বাড়লেও সার্বিক যান চলাচল স্বাভাবিক রয়েছে।
যাত্রীরা দ্রুত এ সমস্যার সমাধান ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।








