চট্টগ্রামের হাটহাজারীতে রাজনৈতিক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কিশোর ছাত্রদল কর্মী মোহাম্মদ আরিফ (১৭)।

বুধবার (১১ জুন) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আরিফ হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলীর ১ নম্বর ওয়ার্ডের সন্দ্বীপ কলোনির বাসিন্দা ও ফয়েজ উদ্দিনের ছেলে।

আরিফ ছাত্রদলের কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো: গিয়াস উদ্দিন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত পৌনে ১২টার দিকে সিএনজিযোগে ‘ভাইজানের লোক’ পরিচয়ে অস্ত্রসহ অজ্ঞাত পরিচয়ের একদল লোক সাখাওয়াত নামে একজনকে খুঁজতে আসেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে ডাকাত বলে চিৎকার করে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। এ সময় আরিফ ও তার সঙ্গীরা ওই সিএনজির সামনে দাড়ায় এবং তাদের সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে তারা চার রাউন্ড গুলি ছুড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয় আরিফ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চার দিন পর আজ তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই আলাউদ্দিন অভিযোগ করেন, ‘এ হামলার পেছনে ভুট্টো সুমন গ্রুপের লোকজন রয়েছে। তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর গুলি চালিয়েছে।’

অন্যদিকে অভিযুক্ত ভুট্টো সুমনের স্ত্রী পাল্টা অভিযোগ করে বলেন, ‘ঘটনার পর সাখাওয়াতের অনুসারীরা আমাদের ঘরে হামলা চালিয়ে নগদ পাঁচ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।’

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে। এছাড়া ঘটনায় একটি এজাহার দাখিল হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।