নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর লালখা এলাকায় ড্রেনের পানি থেকে বস্তাবন্দি অবস্থায় জনি সরকার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাডভান্স গার্মেন্টস সংলগ্ন গলির পাশে ড্রেনে বস্তাটি ভেসে ওঠে।

নিহত জনি সরকার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্টপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লার লালখা এলাকার দুলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জনির পিতা করুনা সরকার নারায়ণগঞ্জ শহীদ রিয়া গোপ (খান সাহেব ওসমান আলী) ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। জনির মা, দুই বোন ও বাবা—মিলে পরিবারটি লালখা এলাকায় বসবাস করছিল।

স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ড্রেনের মধ্যে বস্তাবন্দি লাশের একটি পা দেখে সন্দেহ হলে তারা স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো: হান্নানুর রফিককে (রঞ্জু) খবর দেন। পরে তিনি ফতুল্লা মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে।

পরিবার জানায়, জনি মাঝে মধ্যে গার্মেন্টসে কাজ করতেন। সোমবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার পিতা করুনা সরকার লাশ শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় জনির লাশ উদ্ধার করা হয়েছে। নাক-মুখে আঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’

লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।