বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘শেখ হাসিনাকে গণহত্যা, সকল অপকর্ম ও অপরাধের দায়ে বিচার করতে হবে। বাংলাদেশের জনগণ আগে মৌলিক সংস্কার চায়, এরপর নির্বাচন চায়। ‘
শুক্রবার (১১ এপ্রিল) রাতে ফেনী শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন নতুন সম্ভাবনার দ্বার তৈরি হয়েছে। কয়দিন আগে ইনভেস্টমেন্ট সামিট যে সম্মেলন হয়েছে তা বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনার পথ তৈরি করেছে। এ অন্তর্বর্তী সরকার নতুন দেশ গঠনে কাজ করে যাচ্ছে। এ বাংলাদেশকে পুরাতন ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য এ অন্তর্বর্তী সরকার চেষ্টা করে যাচ্ছে। কাজ হচ্ছে। কিন্তু কেউ কেউ এ সরকারকে কাজ করতে দিতে চায় না। আমরা দেখতে পাচ্ছি, হাসিনা যেমন উন্নয়ন উন্নয়ন করতো, কেউ কেউ মৌলিক সংস্কার বাদ দিয়ে শুধু নির্বাচন নির্বাচন করছে।’
শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, সাবেক জেলা আমির একেএম সামছুদ্দীন। শহর সেক্রেটারি সামাউন হাসানের পরিচালনায় এছাড়া বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির আবু ইউসুফ ও প্রচার সম্পাদক আ ন ম আবদুর রুহীম।
মুহাম্মদ শাহজাহান আরো বলেন, ‘দেশের জনগণ সংস্কার চায়। মৌলিক সংস্কারের আগে কোনো নাগরিক নির্বাচন চায় না। আমরা চাই, আগে দু’টি মৌলিক সংস্কার করে তারপর নির্বাচনের আয়োজন করা হোক। আগে দু’টি মৌলিক সংস্কার করতে হবে। এক. একটি সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে দেশের সৎ, যোগ্য নির্বাচিত হবে। এমন লোক নির্বাচিত হবে যারা দেশ গঠনের জন্য কাজ করতে পারবে, নিজেদের স্বার্থের জন্য কাজ করবে না। দুই. গত সাড়ে ১৬ বছর আওয়ামী লীগ যত অপকর্ম ও অপরাধ করেছে এসবের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। শেখ হাসিনাকে গণহত্যার দায়ে, সকল অপকর্ম ও অপরাধের দায়ে তার বিচার করতে হবে। বাংলাদেশের জনগণ আগে এ দুইটা মৌলিক সংস্কার চায়, এরপর নির্বাচন চায়।‘





