সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘জুলাই বিপ্লব ইসলামী আন্দোলনের জন্য এক সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে হবে। ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেয়া হবে না।’

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ৩৬ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের মূল লক্ষ।’

তিনি বলেন, ‘আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে ফাঁসি দিয়ে ও কারা নির্যাতনের মাধ্যমে শহীদ করা হয়েছে। হাজারো নেতাকর্মীকে খুন, গুম ও পঙ্গু করে দেয়া হয়েছে। এরপরেও জামায়াতের অগ্রযাত্রা দমিয়ে রাখা যায়নি। আমাদের নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাব।’

ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তুফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ গোলাম রব্বানীর সঞ্চালনায় স্থানীয় বড়বাড়ী ফুটসাল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, শাহপরান পশ্চিম থানা আমির শাহেদ আলী ও সেক্রেটারি নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সিলেট এমসি কলেজ সভাপতি ইসমাইল খান সৌরভ, জামায়াত নেতা আবুল হাসান, ইউনিট সভাপতি সারওয়ার খান, ইউনিট সভাপতি সূর্জে আলম ও ইউনিট সভাপতি কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিরুল ইসলাম খান।