ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের ঘটনায় করা মামলায় বাসচালককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে র্যাব ও হাইওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গন্ডপ কাশিমপুর এলাকা হতে হামদান বাসের চালক যশোরের বাঘারপাড়া থানার সাইটখালী গ্রামের আবু তাহের অপুকে (২৯) গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২৮ জুন শনিবার ভোর রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে যশোরের নওয়াপাড়া থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেসের বেপরোয়া গতির একটি বাস অপর একটি মিনি ট্রাকের পেছনে ধাক্কা মারে।
এ সময় সংঘর্ষের পর গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের রেলিংয়ের সাথে ধাক্কা দেয়। ওই সময় ঘটনাস্থলেই দু’জন মারা যান। তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়।
এ ঘটনায় বাকি ১৪ থেকে ১৫ জন যাত্রী আহত হন। তারা যশোর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকায় আয়োজিত দলীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।








