বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করতে হাজার হাজার নারী মাঠে নেমেছেন। এতোদিন ঘরে ঘরে দাঁড়িপাল্লার ভোট চেয়ে প্রচারণা করলেও এবার তারা প্রকাশ্যে রাজপথে নেমে দাঁড়িপাল্লার স্লোগান ধরেছেন।
সারাদেশে ভোটের গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের হাতে জামায়াতের নারী কর্মীরা নির্যাতিত ও হেনস্তার শিকার হচ্ছেন। এমন প্রেক্ষাপটে গতকাল রোববার (১ জানুয়ারি) থেকে বগুড়ায় জামায়াতের নারী কর্মীরা রাজপথে নেমে এসেছেন। তারা দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানানোর পাশাপাশি সারাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
সোমবার (২ জানুয়ারি) সকাল থেকে বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়নে হাজার হাজার নারী দাঁড়িপাল্লার পক্ষে মিছিল নিয়ে প্রচারণা শুরু করেন।
সকালে প্রথমে নামুজা ইউনিয়নের নারীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মিছিলে নেতৃত্ব দেন। মিছিল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।
এরপর গোকুল ইউনিয়নের নারীরাও দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে রাস্তায় নেমে আসেন। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এখানেও মিছিলে নেতৃত্ব দেন। এরপর মিছিল বের করেন নুনগোলা ইউনিয়নের নারীরা। শত শত নারী দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে মিছিলে অংশগ্রহণ করেন।
এদিকে, জামায়াতের নারী কর্মীরা রাজপথে নেমে প্রচারণা শুরু করায় বগুড়া সদর আসনে ভোটের মাঠে নতুন আমেজ তৈরি হয়েছে। নারী ভোটারদের ভোটেই এই আসনে জামায়াত জয়ের স্বপ্ন দেখছে বলে জানা গেছে।








