ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে নারী ও পুরুষ ভোটারদের নিয়ে পৃথক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পাইন্দং, সূয়াবিল, ধর্মপুর ইউনিয়ন এবং নাজিরহাট ও ফটিকছড়ি পৌরসভায় এসব সভা অনুষ্ঠিত হয়।
সকালে পাইন্দং ইউনিয়নে আয়োজিত নারী ভোটারদের সভায় দুই সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন। দুপুরে সূয়াবিল ইউনিয়নে, বিকেল সাড়ে ৩টায় নাজিরহাট পৌরসভায়, বিকেল সাড়ে ৫টায় ধর্মপুর ইউনিয়নে এবং রাত সাড়ে ৮টায় ফটিকছড়ি পৌরসভায় প্রায় এক সহস্রাধিক পুরুষ ভোটারের উপস্থিতিতে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি এবং ফটিকছড়ি আসনের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের পক্ষে ফটিকছড়ি উপজেলার আমির ও সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন ইমো এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা সদস্য, বিশিষ্ট আইনজীবী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক শিবির নেতা মাওলানা ইউছুপ বিন সিরাজ, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ব্যাংকার ইসমাঈল হোসেন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফটিকছড়ির সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের বিকল্প নেই। তারা আশাবাদ ব্যক্ত করেন, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।





