সাত দেশের ১০২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে চার দিনব্যাপি অ্যামেচার ওপেন গলফ খেলায় ২৯১ স্কোর পেয়ে একক শিরোপা লাভ করেছেন বাংলাদেশের সৈনিক শাহাব উদ্দিন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনে প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্ববধানে সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ খেলায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন পাকিস্তানের নোমান ইলিয়াস। তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের গলফার মুন্না মিয়া।
অ্যামেচার ওপেন গলফ প্রতিযোগিতায় ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ মোট সাতটি দেশের অ্যামেচার গলফ খেলোয়াড়রা অংশ নেন।
নারী দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ এবং আনিয়া ফারুক সাইদ নারী দল শিরোপা অর্জন করেছেন। নাসিমা আক্তার এবং সোনিয়া আক্তার নারী ‘বি’ দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। নারী এককে আনিয়া ফারুক সাইদ ১৫৩ স্কোর নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন। নারী গলফার পারখা ইজাজ ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো: তৌহিদ হোসেন, বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫-এর টুর্নামেন্ট ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল রিদুল মাহমুদ (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি কর্নেল মো: শহিদুল হক (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ গলফ ফেডারেশনের চিফ কো-অর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল অহসান আজীজ (অবসরপ্রাপ্ত), সাভার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান প্রমুখ।








