জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম রন (২৫) নামে একজন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিমর (২৫) মেলান্দহ উপজেলার চর পলিশা গ্রামের মরহুম জিয়ার উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ বাজার (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন) এলাকায় দুইটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মারা যান আব্দুর রহিম। এ সময় আরো চারজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চারজনের পরিচয় জানা যায়নি।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।