সিলেট নগরীতে ছেলের ছুরিকাঘাতে এক সত্তর বয়সোর্ধ্ব মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে শহরতলির শাহপরান আবাসিক এলাকার ২নম্বর রোডের ৮নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
৯৯৯-এ কলে খবর পেয়ে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শাহপরান থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত রহিমা বেগম (৭০) শাহপরান আবাসিক এলাকার হেপি কমপ্লেক্সের ৮নম্বর বাসার ভাড়াটিয়া আব্দুল গাফ্ফারের স্ত্রী। তাদের স্থায়ী ঠিকানা সিলেটের জকিগঞ্জ থানার আইওর গ্রামে।
পারিবারিক বিরোধের জের ধরে ছেলে বদরুল ইসলাম (৪২) তার মা রহিমা বেগমকে ছুরিকাঘাত করে বলে স্থানীয় সূত্র বলছে। ছেলে বদরুল ইসলাম ইমমতি পেশায় নিযুক্ত ছিলেন। তবে ৪ মাস ধরে তিনি চাকরিচ্যুত।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপি মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘প্রাথমিক তদন্তে ছেলের ছুরিকাঘাতেই মায়ের মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। ওই ছেলেটি দীর্ঘদিন মৌলভীবাজারের একটি মডেল মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিল। তখন তার মধ্যে মানসিক সমস্যা দেখা দেয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর পরিবার থেকে চিকিৎসার কোনো উদ্যোগ না নেয়ায় সে দিন দিন আরো বেশী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তাই এই ধরণের ঘটনা ঘটায়। সে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। আটকের পর জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।








