নতুন ভ্যারিয়েন্টে কুমিল্লায় নারী চিকিৎসকসহ চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারে করোনা শনাক্ত পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (১৪ জুন) রাতে কুমিল্লা সিভিল সার্জন ডা: আলী নূর বশির এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্তরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল মোমিন (৭০), কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ডা: সানজিদা (৩০), বুড়িচং উপজেলার মো: হেলাল আহমেদ (৩৮) ও কুমিল্লা সদর উপজেলার মো: ইবনে যুবায়ের (৩৯)।

সিভিল সার্জন ডা: আলী নূর বশির বলেন, ‘গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে, দু’জন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’