যশোরের চৌগাছায় দুই সন্তানের মা জেসমিন (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর পরকীয়ায় বাধা দেয়া তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৫ মে) ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলসারা গ্রামে। চৌগাছা থানা পুলিশ এদিন দুপুরে নিহতের বাড়ির পাশের বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহত জেসমিন ফুলসারা গ্রামের হবিবর রহমানের মেয়ে। তিনবছর আগে ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ি গ্রামের মাসুদুর রহমানের সাথে জেসমিন খাতুনের বিয়ে হয়। সংসার জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। মাসদুর রহমান দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন।
শ্বশুর বাড়িতে থাকার কারণে জেসমিনের প্রবাসী ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে মাসুদুর রহমান।
জেসমিনের স্বজনরা অভিযোগ করেন, জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো মাসুদ। এনিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
তাদের ধারণা, স্বামীর পরকীয়ায় দাম্পত্য কলহের জেরে জেসমিনের ওপরে শারীরিক নির্যাতনে মৃত্যু হয়। পরে তাকে বাড়ির পাশের বাগানের একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে। ঘটনার পর থেকেই মাসুদ আত্মগোপন করেছে বলে জানা গেছে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘জেসমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’








