কুমিল্লার বুড়িচংয়ে রেল লাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। তবে এখনো নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার উপরিদর্শক মোহাম্মদ রাকিবুল হাসান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌছান তিনি। এ সময় রেল লাইনের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে অর্ধগলিত যুবকের লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিহত যুবকের বয়স ৩০ হতে পারে।

এছাড়া দেহটি দেখে ধারণা করা যাচ্ছে অন্তত এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছে। শরীরের অনেক অংশই পচে গলে গেছে।

তিনি আরো জানান, পচে যাওয়ার কারণে লাশটির পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তাই পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে। পিবিআই ঘটনাস্থলে আসলে বাকি কার্যক্রম করা হবে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, লাশটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।