সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন, ‘ইসরাইলি বর্বরতা ও গণহত্যা বন্ধ করতে বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’ আর ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ‘কসাই নেতানিয়াহু বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের উপর বর্বর হামলা করেছে।’ পৃথিবীর অভিশপ্ত জাতি ইসরাইল যেভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে সে কারণে ইসরাইলের প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দ্রুত গ্রেফতার করতে আন্তর্জাাতিক অপরাধ আদালতকে আহ্বান জানাচ্ছি।

সোমবার (৭ এপ্রিল) বাদে আছর চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে কেরানীহাটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরাইলি বাহিনীর উপর্যপুরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি সাতকানিয়া রাস্তারমাথা মডেল মসজিদ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরো কেরানীহাট এলাকায় প্রদক্ষিণ শেষে কেরানীহাট গোল চত্বর এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, অফিস সেক্রেটারি নুরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দীন, বাঁশখালী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, জেলা শূরা সদস্য ডা: আবদুল জলিল, সাংগু থানার আমির মাষ্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী ও শাহাদাত হোসাইন প্রমুখ।