তুহিন আহমেদ, আশুলিয়া (ঢাকা)

ঢাকার আশুলিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা (৩৫)-কে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতারের পর ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার মো: শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার মো: আব্দুর রহিম মোল্লার ছেলে। তার বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়ার বগাবাড়ী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মামলা নম্বর-৬৫(০৯)২০১৮ এর আসামি শামীম মোল্লা। ওই মামলায় ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতার আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার শামীম মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’