নোয়াখালীর সুবর্ণচরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া এক বিধবাকে গণধর্ষণের অভিযোগে মো: সিরাজ উদ্দিন(২৬) নামে এক যুবককে গ্রেফতার করে চরজব্বর থানায় হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৩০ জুন) দুপুরে পুলিশ তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠান।

জানা গেছে, ভিকটিম ও আসামিরা একে অন্যের প্রতিবেশী। নির্যাতিত নারীর স্বামী দুই বছর আগে মারা যান। এরপর থেকে তিনি তার ছেলে সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করে আসছেন। গত ১১ মে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামি সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ এলাকার নবীর ছেলে সিরাজ। ঘটনার দিন তার সহকর্মী ওসমান ভিকটিমের মুখ চেপে ধরে তাকে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে দুই হাত গামছা দিয়ে বেঁধে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামিরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ঘরে ফিরে মাকে বিষয়টি অবহিত করেন।

র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরো বলেন, ‘ঘটনার পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে গা ঢাকা দেন। জিজ্ঞাসাবাদে প্রধান আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।’

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া জানান আসামিকে সোমবার দুপুরে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।