মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে অজ্ঞাত(৩৫) পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে পৌর এলাকার এস এম নাসির উদ্দিনের মালিকানাধীন একটি ফ্ল্যাট বাসার ষষ্ঠ তলার একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাওন (২৫) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্ল্যাটের ছয় তলার একটি রুম থেকে চিৎকার করে দরজা খোলার জন্য অনুরোধ করে এক যুবক। এরপর স্থানীয়রা জানালা খুলে দেখে এক যুবকের লাশ ফ্লোরে পড়ে আছে। পাশের রুমে শাওন নামে এক যুবক অবস্থান করছে। পরে এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের ষষ্ঠতলার একটি রুম থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। এ সময় পাশের রুমে মধ্যেই ছিলেন শাওন নামে এক যুবক, যাকে পুলিশ সাথে সাথে আটক করে।
এদিকে, এমন রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আয়েশা সিদ্দীক আকাশে জানান, একটি লাশ উদ্ধার করা হয়েছে। এই মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। তিনি প্রকৃত রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, ‘ফ্লাটের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় বন্ধ রুমের মধ্যেই শাওন নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
তিনি আরো জানান, লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’








