মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে একইসসাথে চার খুনের একটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের পরিদর্শক মো: গোলাম জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন। পরিপ্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে, সকালে কঠোর নিরাপত্তায় আরসা প্রধানকে আনা হয় আদালতে। আদালতে আদেশ শেষে তাকে আবারো কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক সময়ে কারাগার থেকে রিমান্ডে নিয়ে যাবেন বলে জানিয়েছেন মো: গোলাম জিলানী।
আদালতের প্রাপ্ত তথ্যমতে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হামলায় চারজনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউল্লাহ। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে।
চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনকে গ্রেফতার করেছিল র্যাব।







