গ্লোবাল অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ফুড সিকিউরিটি পোগ্রমের (জিএএফএসপি) অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা আইএফএড এবং বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদফতর পরিচালিত ‘ডাইভার্সিফাইড রেজিলিয়েন্ট অ্যাগ্রিকালচার ফর ইমপ্রুভড ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইনস) প্রকল্পের কারিগরি সহযোগী জিএএফএসপি’র আয়োজনে নিউট্রিশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে ওই ক্যাম্পেইনে বকশীগঞ্জ উপজেলা থেকে ২৫০ জন কৃষক অংশ নেন।
সর্বোত্তম স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সব উপাদানসহ একটি সুষম খাদ্য তালিকার গুরুত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা, দৈনন্দিন খাদ্যাভ্যাসে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা এবং পুষ্টি বিষয়ক তথ্য ভাগ করে কৃষকদের খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করাই নিউট্রিশন ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।
ওই ক্যাম্পেইনে, পুষ্টি বার্তা সম্বলিত মঞ্চ নাটক উপস্থাপন, পুষ্টি বিষয়ক গান পরিবেশন, স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পদ্ধতিতে রান্নার প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে কৃষক-কৃষাণীদের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
নিউট্রিশন ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রেইনস প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, উপ-প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, সিনিয়র মনিটরিং অফিসার মো: হাবিবুর রহমান, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম, জিএএফএসপি’র পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ, জিএএফএসপি/আইএফএড’র মিশন টিম, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা এবং আইএফএড, এফএও ও জিএএফএসপি’র প্রতিনিধিরা।
বক্তারা জানান, দানাদার খাদ্যশস্য, বিশেষ করে ধান ও চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এছাড়া মাছ, মাংস, ডিম এবং দুধ উৎপাদনেও আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। তবে, এসব অর্জনের পরও পুষ্টির দিক থেকে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে রয়েছে, বিশেষ করে অনুপুষ্টির ক্ষেত্রে।
ফলে, রক্তশূন্যতা, বামনত্ব এবং কম ওজনের শিশু জন্মের মতো সমস্যা আমাদের দেশে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম প্রধান কারণ অপুষ্টি এবং সঠিক পুষ্টি জ্ঞানের অভাব। অথচ, যারা আমাদের খাদ্যের মূল যোগানদাতা কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে, ভবিষ্যতে আমরা খাদ্য উৎপাদনেও পিছিয়ে পড়তে পারি। এই বাস্তবতা উপলব্ধি করে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ফুড সিকিউরিটি পোগ্রমের (জিএএফএসপি) বাংলাদেশে কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে ‘রেইনস’ প্রকল্পের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি





