সিলেট নগরীর আরামবাগ এলাকা থেকে নিশাত ফাতিমা চৌধুরী(৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে শাহপরাণ থানাধীন আরামবাগ এলাকার ৭/২ নম্বর বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

মৃত গৃহবধূ নিশাত ফাতিমা চৌধুরী সিলেটের জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামের শফি আহমদ চৌধুরীর স্ত্রী। স্বামী স্ত্রীসহ পরিবারের লোকজন নগরীর আরামবাগের ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বিরাজ করছিলো। পারিবারিক জীবনে শফি ও নিশাতের ২ ছেলে সন্তান রয়েছে।

বুধবার ভোরবেলা গৃহবধূ নিশাত ফাতিমা চৌধুরী জানালার গ্রিলে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার দেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে সকাল ৯টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বিকেলে নয়া দিগন্তকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।