বিদ্যুতের সরবরাহ লাইনে ত্রুটির কারণে সকাল থেকে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ নেই। এতে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সরবরাহকারী একটি বিদ্যুৎকেন্দ্রে লাইন ত্রুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছে। কখন নাগাদ এ সমস্যার সমাধান হতে পারে তা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নারায়ণগঞ্জ দক্ষিণের প্রধান প্রকৌশলী কামাল হোসেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, উকিলপাড়া, গলাটিপা, কালিরবাজার, আমলাপাড়া, টানবাজার, মাসদাইর, জামতলা, বালুর মাঠ, কাশীপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় সকাল থেকে বিদ্যুৎ নেই। এতে অনেক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে।

ব্যবসায়ী মিজান শিকদার নয়া দিগন্তকে বলেন, ‘সকাল ১০টায় মার্কেটে গিয়ে দেখি বিদ্যুৎ নেই। তীব্র গরমে খুবই খারাপ অবস্থা। পরে দোকান বন্ধ করে বাসায় চলে আসছি ১টায়। এখন বাসায় এসে দেখি এখানেও বিদ্যুৎ নেই।’

কাশীপুরের বাসিন্দা রেহানা পারভীন বলেন, ‘আমাদের বাড়িতে গ্যাস সংযোগ নেই। রান্না চলে ইলেক্ট্রিক চুলাতে। আজ সকাল থেকে বিদ্যুৎ না থাকায় খাবার কিনে খেতে হয়েছে।’

পূর্ব কোনো ঘোষণা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান এ এলাকার আরেক বাসিন্দা কুলসুম বেগম।

তিনি বলেন, ‘বিদ্যুৎ আসতে দেরি হবে এমন কোনো মাইকিং আমরা শুনিনি। যার কারণে রেগুলার লোডশেডিং ভেবে পানি মজুত বা জমিয়ে রাখিনি। এখন তো বিদ্যুৎ দেরিতে আসলে পানির সঙ্কটেও পড়তে হবে।’

তবে নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে বিদ্যুতের কোনো বিঘ্ন নেই বলে জানিয়েছেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন।

ডিপিডিসির প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে লাইন ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে কেন্দ্রটি থেকে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতো- তা বন্ধ রয়েছে। এ কেন্দ্রটি পিজিসিবির আওতাধীন। তারা যখন ত্রুটি মেরামত করবে তখন আবার বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক হবে।’

তিনি আরো বলেন, ‘পিজিসিবির কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে। তাদের একটি টিম এসে কাজ করছে। ত্রুটি মেরামত হলেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

তবে রোববার (৭ জুন) বিকেল সোয়া ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সব এলাকায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

এদিকে পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য ১০ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। ফলে মানুষের দুর্ভোগ আরো বেড়েছে।

তিতাস এক বার্তায় জানায়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রুপসী, বরপা, ভুলতা মোড় এলাকায় এবং মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে অথবা চাপ স্বল্পতা বিরাজ করবে।

তবে রোববার বিকেল পর্যন্ত অনেকে এলাকায় গ্যাস না থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে।