পুলিশ ও প্রশাসনের দুর্নীতি, দলীয়করণ এবং অনিয়মের বিরুদ্ধে সার্বিক সংস্কারের দাবিতে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক ও সামাজিক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘পুলিশ-প্রশাসন সংস্কার আন্দোলন’।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে চট্টগ্রামের বিভিন্ন ছাত্র-যুব ও ইসলামপন্থী সংগঠনের সমন্বয়ে গঠিত এ প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে।
আন্দোলনের অংশ হিসেবে সন্ধ্যা ৬টার দিকে নগরের ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানে ‘আত্মপ্রকাশ মিছিল’ অনুষ্ঠিত হয়। আয়োজকেরা মিছিলটিকে ‘সংস্কার সংগ্রামের প্রথম রাজপথিক সওয়ার’ হিসেবে উল্লেখ করেছেন।
এনসিপির চট্টগ্রাম মিডিয়া সেলের মুখপাত্র আরফাত আহমেদ রনি জানান, এ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, এনসিপি, যুবশক্তি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, দাওয়াহ অ্যাসোসিয়েশন, ইসলামিক দাওয়াহ মুভমেন্ট, এসএডি, পুনাব, পুসাব, জুলাই ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র-যুব সংগঠন।
নতুন প্ল্যাটফর্মটি চার দফা মূল দাবির ভিত্তিতে কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ ও প্রশাসনে সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও দলীয় প্রভাব চলে আসছে। যা জাতীয় নিরাপত্তা এবং জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী। এখন সময় এসেছে বাস্তব সংস্কারের। যদি অন্তর্বর্তী সরকার এ সংস্কারে ব্যর্থ হয়, তবে রাজপথ থেকেই আমরা চূড়ান্ত বাস্তব সংস্কারের সংগ্রাম চালিয়ে যাব।’








