নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ছাত্রশিবির নোয়াখালী (উত্তর)-এর উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) ‘জুলাই গণহত্যার বিচার চাই’ স্লোগানে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ‘জুলাই দ্রোহ’ হিসেবে আখ্যায়িত হয়।
মিছিলটি চৌমুহনী পূর্ব বাজার কাছারিবাড়ি মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারো শিবির কর্মী, ছাত্র, যুবক ও গণমানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি দাউদ ইসলাম ও সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার নেতারা।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি বলেন, ‘জুলাই মাসে ঘটে যাওয়া রক্তাক্ত গণহত্যার বিচার এখনো হয়নি। ইতিহাস ধামাচাপা দেয়া হলেও শিবির তা ভুলে যায়নি। ইতিহাসের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
নেতারা বলেন, ‘এই মিছিলের মাধ্যমে তারা সরকার ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চান যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ‘জুলাই গণহত্যার’ বিচার নিশ্চিত হয়।’
এ সময় আরো বক্তারা বলেন, ‘৫ আগস্টের ভেতর জুলাই সনদ ঘোষণা দিতে হবে। না হয় বাংলাদেশে আরেকটি ৩৬ জুলাই নেমে আসবে।’








