আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার খবরে চুয়াডাঙ্গায় ছাত্রসমাজের পক্ষ থেকে নফল নামাজ আদায় ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) রাত ১১টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে দুই রাকাত নফল নামাজ আদায়ের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজীব এবং ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগরের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। এতে ইসলামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাকে ‘জনগণের বিজয়’ হিসেবে অভিহিত করেন এবং দেশবিরোধী রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ছাত্রনেতারা বলেন, দেশের স্বার্থ রক্ষায় সকল বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।








