সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ইমাম উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইমাম উদ্দিন (৩৫) উপজেলার দ্বারিখেল গ্রামের হরমুজ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

আটকরা হলো- নিরঞ্জন গোয়ালা, আক্কেল প্রধান এবং কপিল উদ্দিন লিটন। এর আগে সোমবার রাতে চা বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইমাম উদ্দিন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে চা বাগান এলাকায় বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। তাদের দাবি বাগানের সহকারী ম্যানেজার এই হত্যাকাণ্ডে জড়িত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করেন। এ সময় নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে তিনজনকে আটক করেন।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, সোমবার রাত ৩টার দিকে ইমামকে চোর সন্দেহে আটক করে চা বাগান কর্তৃপক্ষ। পরে কয়েকজন মিলে তার ওপর নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয়।

তবে ইমাম উদ্দিনের পরিবারের দাবি হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্যই চুরির ঘটনার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, বাগানের একটি পরিত্যক্ত ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।