চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার চড়িহালদা এলাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফেরদৌস আরা (৪০)। তিনি স্থানীয় আবু বক্করের ছেলে লোকমানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে লোকমানের পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার দিবাগত মধ্যরাতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফেরদৌস আরাকে ধারাল ছুরি দিয়ে আঘাত করেন তার দেবর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।’
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।








