মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে পুশ ইন করা ১৪ জনকে জিজ্ঞাসাবাদ শেষে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটকরা হলেন- মো: মফিজুল (৪৫), মল্লিকা (৪০), জরিনা খাতুন (৭৫), মো: জলিল মিয়া (৪৫), কাজলি (৪০), মিম (১৯), ৫ মাসের শিশু মমিন, হাবিব (২২), ইছা মিয়া আলী (২০), কাজল (১১), আফসান (২০), আলফিনা (১৮), শাহিনা (০৭) ও হালিম (০১)। এদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় বলে মুরইছড়া ক্যাম্পের দায়িত্বরত বিজিবি সদস্য জাকির হোসেন নিশ্চিত করেছেন।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে কোনো একসময় মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ৪ জন পুরুষ, ৪ জন শিশু এবং ৫ জন নারীসহ মোট ১৪ জনকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশ ইন করে। তারা সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করার সময় মুরইছড়া বিজিবি টহল দল তাদের আটক করে মুরইছড়া ক্যাম্পে নিয়ে আসে। বিকেলে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, ১৪ জনকে বিজিবি কুলাউড়া থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদেরকে হস্তান্তর করে বিজিবি।