বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ শামীম বলেছেন, ‘ভৌগোলিক কারণে আশুগঞ্জ ও সরাইল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি উপজেলা। বিশেষ করে শিল্প ও বাণিজ্যসমৃদ্ধ বন্দরনগরী আশুগঞ্জের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। অথচ এসব এলাকা বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত। দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলকে সমৃদ্ধ করে তুলতে কাজ করব।’
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আশুগঞ্জ বন্দর এলাকার ভেনিস বাংলা রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা রওশন মোল্লা, উজ্জ্বল মুন্সিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ শামীম বলেন, ‘আজ আমাদের নেতাদের কথাবার্তা ও কাজে মিল নেই। রাজনীতি হয়ে গেছে নিজের আখের গুছানোর হাতিয়ার। আমি ছাত্র জীবন থেকেই মানবসেবার ব্রত নিয়ে রাজনীতি শুরু করেছি। তৃণমূল পর্যায় থেকে জনগণের সাথে কাজ করে জাতীয় রাজনীতিতে এসেছি। ভবিষ্যতেও মানুষের সেবায় কাজ করতে চাই।’
শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ‘সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এ তিনটি খাতে দৃশ্যমান উন্নয়ন সাধনে কাজ করব। গণমাধ্যম একটি জাতির দর্পণ। আপনারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আমার কোনো বিচ্যুতি ঘটলে দেখিয়ে দিবেন।’








