ঢাকা জেলার নবাবগঞ্জ থেকে নিখোঁজের তিন দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে শাহ আলম (৬৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের ঢাকা-নবাবগঞ্জ সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করে সিরাজদিখান থানা।
নিহত অটোরিকশা চালক শাহ আলম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের মরহুম হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশের ধারণা, চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা।
স্বজনরা জানিয়েছেন, প্রতিদিনের মতো গত বুধবার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন শাহ আলম। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো: তাইজুল ইসলাম জানান, সকালে খারশুল গ্রামের রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিকারীরা। পরে লাশ গুমের জন্য রাস্তার পাশে ফেলে রেখে গেছে। অটোরিকশা চালক শাহ আলম গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলো।





