আওয়ামী লীগের গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

রোববার (১১ মে) শেষ বিকেলে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

এ সময় তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর শুধু বড়লোকদের সুযোগ-সুবিধা ও পুনর্বাসনের জন্য কাজ করছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ গরীব-দুঃখী, মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।’

মুফতী ফয়জুল করিম আরো বলেন, ‘ছাত্র-জনতার গণবিপ্লবে পরাজিত আওয়ামী লীগের গণহত্যার বিচার দ্রুত করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেফতার করে অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত ও তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।’

তিনি বলেন, ‘অধিকার ও শান্তির জন্য মানুষ যুগে যুগে লড়াই করেছে। আপনারা দেখেছেন, দু’দিন আগেও পাকিস্তান ও ভারতের মধ্যে লড়াই হয়েছে। এর আগে পাকিস্তানের সাথে ১৯৭১ সালে আমাদের দেশের মানুষ লড়াই করেছিল। তারও আগে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে।’

‘একটাই কারণ- সেটা হচ্ছে আমরা স্বাধীন হতে চাই, বৈষম্যহীন রাষ্ট্র চাই। স্বাধীন দেশে চাঁদাবাজ থাকবে না, বৈষম্য থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, ধর্ষক থাকবে না। মানুষ তার স্বাধীনতা পাবে, অর্থনৈতিক মুক্তি পাবে। দেশের মা-বোনেরা ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে, তারা ধর্ষিত হবেন না, লাঞ্ছিত হবেন না। তারা ইভটিজিংয়ের শিকার হবেন না, বস্ত্রহীন থাকবেন না, চিকিৎসার জন্য ধুঁকে ধুঁকে মরবেন না। প্রত্যেক মানুষ খেয়ে-পরে বাঁচবে। মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, একারণেই মানুষ বারবার জীবন দিয়েছে।’

সুনামগঞ্জের শ্রমিকদের বিষয়ে ফয়জুল করিম বলেন, ‘যাদুকাটা ও ধোপাজান নদী বৈধভাবে ইজারা দিয়ে শ্রমিকদের কর্মসংস্থান করে তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দিতে হবে।’

এছাড়াও ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্ত, ইসলাম ও ধর্মবিরোধী নারীসংস্কার কমিশন বাতিলের জোর দাবিও জানান তিনি।

ইসলামি আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলার সেক্রেটারি সোহেল আহমদের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক নুরুল ইসলাম, পৌর জামায়াত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, জুলাই ওয়ারিয়র্স সুনামগঞ্জের সভাপতি ফয়সাল আহমদ, গণঅধিকার পরিষদের সুনামগঞ্জ শাখার সহ-সভাপতি আব্দুল বারী সিদ্দীকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুস সাকিব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বিশ্বম্ভরপুর উপজেলা সেক্রেটারি হাফিজ রফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফিজ কামাল হোসাইন, ধর্মপাশা উপজেলা সেক্রেটারি মুফতি জুবায়ের আলম, দিরাই উপজেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহীদ, পৌর সভাপতি রহমতুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রায়হান আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ইব্রাহীম হাসনাত, শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি আব্দুর রশীদ প্রমুখ।