গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে কলেজছাত্র সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী শিক্ষার্থীরা ও এলাকাবাসী। এসময় তারা তাকওয়া পরিবহনের একটি বাস ভাংচুর করেন।

শনিবার (১০ মে) গাজীপুর মহানগরীর ওই মহাসড়কের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার (৮ মে) রাতে তাকওয়া পরিবহনের মিনিবাসে চড়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র সিয়াম (১৯)। পথে তার সাথে হাফ ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিয়ামকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় হেলপার। এসময় সড়কে ছিটকে পড়ে একই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিয়ামের।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ও এলাকাবাসী শনিবার বেলা ১১টার দিকে পোড়াবাড়ি এলাকায় জড়ো হয়। তারা ওই বাসের চালক-হেলপারের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শুরু করে।

বিক্ষোভকারীরা মানববন্ধনে বলেন, পরিকল্পিতভাবে কলেজছাত্র সিয়ামকে হত্যা করা হয়েছে।

এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন এবং তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ভাঙচুর করেন। এতে মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিক্ষোভকারীদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।