ঠাকুরগাঁওয়ে জনস্বার্থবিরোধী হয়রানিমূলক প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে জেলার বিদ্যুৎ গ্রাহকরা।

সোমবার (১২ মে) দুপুরে ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের ব্যানারে জেলা প্রশাসক চত্বর থেকে জেলার নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয় এবং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক মাসুদ আহাম্মদ সুবর্নের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মমিনুর রহমান বিশাল, যুগ্ম সদস্য সচিব তানভীর হাসান তানু, সৈয়দ মোস্তফা হোসেন মনি, সদস্য সাইফুল ইসলাম প্রবাল, ফরিদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ‘আগে টাকা পরে বিদ্যুৎ এই পদ্ধতির বিদ্যুৎ প্রি-পেইড মিটার ঠাকুরগাঁওয়ে করতে দেয়া হবে না। এলাকার অধিকাংশ মানুষ নিম্ন আয়ের। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎখাতে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে এক লাখ কোটি টাকা জনগণের পকেট কেটে লুটে নিয়ে যায় তৎকালীন সরকারের ঘনিষ্ঠ কোম্পানিগুলো। সেই লুটেরা-দুর্নীতিবাজদের পেট ভরানো আরেক প্রকল্প হচ্ছে প্রি-পেইড মিটার। যা জনগণকে হয়রানি, ভোগান্তি ও অতিরিক্ত টাকা আদায় ছাড়া কিছুই দিতে পারেনি। তাই কর্তৃপক্ষকে এই প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে।’