সিলেট নগরীতে ছিনতাইয়ের দ্বন্দ্বে এক ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কিনব্রিজ এলাকার আলী আমজদের ঘড়িঘরের পাশে কোতোয়ালী থানার মাত্র কয়েক শ’ গজ দূরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ডালিম আহমদ (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। তিনি চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় নাঈম আহমেদ রজব (১৯) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল পানিছড়া গ্রামের মনাফ মিয়ার ছেলে ও বর্তমানে সিলেট নগরীর শামীমাবাদ ১নং গলিতে বসবাস করছিলেন।

এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুনে জড়িত ছিনতাইকারী নাঈম আহমেদ রজবকে (১৯) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় নিহতের মা রিতা বেগম কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কিনব্রিজ এলাকার আলী আমজদের ঘড়িঘরের পাশে এক দুর্বৃত্ত ডালিমকে ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগও কেটে দেয়। এরপর নির্বিঘ্নে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায়। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস করেননি। ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।