বাংলাদেশ-ভারত সীমান্তে লালমনিরহাট জেলার হাতীবান্ধার ভেতরে ঢুকে হাসিবুল আলম নামে এক কৃষককে ধান ক্ষেতে কাজের সময় গুলি করে নিয়ে গেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব ৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত হাসিবুল আলম (২৪) ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশী জমিতে ধান ক্ষেতে কাজ ও ঘাস কাটতে যায়। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশী হাসিবুলকে আটক করে। দূর থেকে দেখা প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ‘ভারতীয় বিএসএফ দল তাকে গাড়িতে তোলার সময় চোখে গুলি করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
সূত্রের খবরে, আহত হাসিবুলকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করে বিএসএফ।
এ বিষয়ে ৬১ বিজিবির সিইওর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবি জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।











