কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে আয়েশা খাতুন (২৫) নামে এক এনজিও কর্মীকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী ছৈয়দ আলম (২৭)। হত্যার পরপরই এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করেছে।
বুধবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই ছৈয়দ আলম ও আয়েশা খাতুনের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। আয়েশা ছিলেন ‘এসিটি’ নামের একটি আন্তর্জাতিক এনজিওতে কর্মরত। তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো।
নিহত আয়েশার এক আত্মীয় বলেন, ‘আয়েশা খাতুন শান্ত স্বভাবের ছিল। নিজের পায়ে দাঁড়াতে এনজিওতে কর্মরত ছিল। সেই মেয়েকে এভাবে দেখে বুক ফেটে যাচ্ছে।’
এপিবিএনের ৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই খবর পেয়ে আমরা অভিযান চালাই। আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন।’
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








