বগুড়ার কাহালুতে একটি বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাবরা এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নুর আলম কাহালু থানার শিখর বিবির পুকুর গ্রামের মরহুম ওসমান আলীর ছেলে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দরগারহাট এলাকা থেকে অটো চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নুর আলম। পথে ভাবরা নামক স্থানে পৌঁছালে একটি শ্যামলী পরিবহনের বাস তার অটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। সূত্র : বাসস