ছাত্রশিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পেরে কেউ কেউ নানা ধরনের ট্যাগ দিয়ে অপপ্রচার চালায় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক শিবির সভাপতি বলেন, যারা এসব ট্যাগ দেন, তাদের সাথে অতীতে বসার অসংখ্য ছবি রয়েছে। ঘরের মানুষ যখন এ ধরনের অপবাদ দেয়, তখন বুঝতে অসুবিধা হয় না যে ছাত্রশিবিরের ব্যাপারে তাদের কাছে কোনো ন্যারেটিভ নেই।
তিনি বলেন, দুনিয়ার সফলতার পাশাপাশি আখেরাতের সফলতাও অর্জন করতে হবে। এজন্য প্রতিটি শিক্ষার্থীকে মেধাবী হওয়ার পাশাপাশি সৎ ও দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠতে হবে। আখিরাতে লজ্জিত হতে হবে, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
ছাত্রশিবিরের ফেনী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা।
ছাত্রশিবিরের শহর সেক্রেটারি এনামুল হক সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মাজহারুল ইসলাম।
কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ আতাহার সায়েম জিসান ও ফাজিলপুর ওয়ালিয়া মাদরাসার শিক্ষার্থী নুসাইবা নাবিলা মীম।
অনুষ্ঠানে জামায়াতের শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, শহর অর্থ সম্পাদক আব্দুল্লাহ মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের ফেনী শহর সাহিত্য সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পলাশ জানান, অনুষ্ঠানে ফেনী শহর ও সদর উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসা থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৫০০ ছাত্র-ছাত্রীকে উপহারসামগ্রী দেয়া হয়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ফেনী স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় ইসলামী সংগীত ও অন্যান্য সংগীত পরিবেশন করা হয়।
এছাড়া যৌথ সংগীত পরিবেশন করেন ‘লক্ষ্য প্রাণের সুর–২০১৩’-এর চ্যাম্পিয়ন হাফেজ মোশাররফ হোসাইন শরীফ।














