মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজশাহী নগরীর সোনাদিঘীতে নবনির্মিত রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর নেতৃত্বে কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য সোহেল মাহবুবসহ ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ হয়েছিল, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও রাষ্ট্রের সর্বস্তরে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
তারা আরো বলেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ভাষা শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।








