ত্যাগী ও মাঠের রাজনীতিবিদরা কখনো নেতাকর্মীদের মন থেকে হারিয়ে যায় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশেনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টার দিকে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর আয়োজনে ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী চেয়ারম্যান। এ সময় অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএনপি নেতা নাছির উদ্দীন ও শামসুল ইসলাম বাবলু মেম্বার।
চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন আরো বলেন, বিএনপিকে নিয়ে সবসময় যে ষড়যন্ত্র হয়েছে তা আর কোনো দলকে নিয়ে হয়নি। এত ষড়যন্ত্র, দমন, নিপীড়ন নির্যাতন চালানোর পরও নেতাকর্মীদের রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও পালিয়ে যাননি। কিন্তু আওয়ামী লীগের নেত্রী সব নেতাকর্মীদের রেখে দিল্লিতে পালিয়ে গেছে।
তিনি বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপি আবারো ক্ষমতায় আসবে। বিএনপি সরকার গঠন করলে দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার নির্মম অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরও বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ছিল ঠিক তেমনি এ দেশকে রক্ষা করতে বিএনপির সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।








