কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করার আশঙ্কায় আফরোজা খাতুন রোমানা (১৬) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রোমানা ওই গ্রামের আব্দুল রউফের মেয়ে এবং গঙ্গারহাট এম.এস. উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
সূত্রে জানা গেছে, চলমান পরীক্ষাগুলোর কিছু বিষয়ে খারাপ ফলাফল হওয়ায় মানসিকভাবে চরম হতাশায় ভুগছিল সে। এতে করে পরীক্ষায় ফেল করার ভয় থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয় রোমানা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’





