বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ব্যাংক পাড়া খ্যাত চার তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরো ২৫ জন।

সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভবনটি থেকে কুন্ডলী আকারে ধোঁয়া বের হচ্ছে। এ সময় ক্লিনিকে বেশ কিছু সিজারের রোগী রয়েছে। এদিন সকাল ১০টার দিকে চিতলমারী উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভবনটিতে বেশ কিছু লোক আটকা পড়েছে। এই ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ক্লিনিক ও বেশ কিছু দোকান রয়েছে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, ভবনের নিচে আরএফএল-এর একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় লোকজন উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, স্থানীয় প্রশাসন ভবনটির আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছে।