গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের দক্ষিণ কালিবাড়ি মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মোবারক হোসেন আকন্দ।

জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুনায়েদ হাসান, জেলা অফিস সম্পাদক মনির হোসেন, জেলা যুব ও আইনবিষয়ক সম্পাদক কাজি সিরাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

জেলা আমির মোবারক হোসেন আকন্দ এনসিপি’র নেতাকর্মীদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘৫ আগস্ট হলো দ্বিতীয় স্বাধীনতা। এক বছর অতিক্রম না হতেই গোপালগঞ্জ কি আলাদা জেলা হয়ে গেছে? ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কীভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে তারা হামলা করে? দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জকে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত করে দায়ীদের আইনের আত্ততায় এনে কঠোর বিচার করতে হবে।’