২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আসর উপজেলা সদরের ঐতিহাসিক তেঁতুলতলা থেকে মিছিলটি শুরু হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঘা ফাজিল মাদরাসার গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা সেক্রেটারি মো: গোলাম মুর্তজা। জামায়াতে ইসলামীর বাঘা উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন নুহুর সভাপতিত্ব সমাবেশে আরো বক্তব্য দেন জামায়াতের রাজশাহী জেলা সদস্য ও সাবেক বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাবদার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাঘা উপজেলা সভাপতি আব্দুল জাব্বার প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যগণ, বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুছ আলী।

সমাবেশে জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা বলেন, যে লক্ষ্য নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনো বাস্তবায়ন হয়নি। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকাতে হবে।