মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জয় (২৬) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধেরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের চৌদ্দ কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া গ্রামের মো: জামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়ের বাবা জামাল হোসেনের সাথে স্থানীয় বেকু হাসান গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় দু’পক্ষের মধ্যে একাধিকবার হামলা-সংঘর্ষ হয়েছে। কিছুদিন আগে জয়ের বাবাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়, তিনি এখনো চিকিৎসাধীন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, রাত আনুমানিক ৮টার দিকে জয় বাড়ির পাশের রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করে। পরে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আত্মীয়-স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: নুরে আলম জিকু জানান, ‘রাত ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। শরীরে ভারী ও ধারাল অস্ত্রের বহু আঘাতের চিহ্ন রয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।’
তিনি আরো বলেন, ‘এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’








