অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দেশে আন্দোলনের শুরু করব। অবৈধ বালু উত্তোলনের বন্ধ করতে হবে। এভাবে একটি দেশ চলতে পারে না। অবৈধ বালু উত্তোলনকারীরা দেশকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলছে। বালু উত্তোলনের কারণে আমাদের নদী, গ্রাম-জনপদ বিলীন হয়ে যাচ্ছে। এদের কোনো ছাড় হবে না।’
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের পদ্মাপাড়ে আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্ট নির্মাণে দৃশ্যমান পদক্ষেপসহ, গ্রাম-জনপদ রক্ষায় সারাদেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীশাসন করাসহ বিভিন্ন দাবিতে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘শিমুলিয়ায় আমরা আন্তর্জাতিক মানের নদী বন্দর করতে চাই। শিমুলিয়ায় কাগজে কলমে নদী বন্দরের একটি ভবন থাকলেও এখানে চাঁদাবাজি হচ্ছে। শুধু পার্কিং ইয়ার্ডের নামে ইজারা দেয়া হলেও এখানে সব দোকানপাট হোটেল হকার সব জায়গা থেকে চাঁদা তোলা হচ্ছে। এটা জুলুম। এটা চাঁদা সন্ত্রাস। এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের এখানে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল দরকার। পদ্মা সেতুর উত্তর প্রান্তে আমরা একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল চাই। এখানে জরুরি রোগীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স ওঠা-নামার ব্যবস্থা চাই। আমরা কেনো চিকিৎসার জন্য বিদেশে যাব। দেশে উন্নয়নের জন্য আমাদের স্থানীয় দাবি। এটার জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার।’
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আরো বলেন, ‘দেশের উন্নয়নের জন্য এসব বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেন। এগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার।’
হলদিয়া ইউনিয়ন বিএনপি নেতা কামাল খানের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা আতাউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন নসু, জিয়াউল ইসলাম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের শেখ সোলায়মান তপু, কে এম রাজীব, মোহাম্মদ সুরুজ শেখসহ দলীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








